পিরোজপুরের কাউখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের জি.বি.এফ ব্রিকসের ভেতরে চুনপোড়া বাড়ির উত্তর পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. রমজান সরদার (৩৮) ও মো. রাসেল সরদার (২৪)। এ সময় রমজান সরদারের কাছ থেকে ২৬০ পিস এবং রাসেল সরদারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে গঠিত একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
রবিউল হাসান রবিন / এফএস