পূর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা এবং বনাঞ্চলকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করে ট্যুর অপারেটরস অব সুন্দরবন (টোয়াস)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, টোয়াসের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকি প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখা শুধু বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়। টোয়াসের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপ। মূলত সাগরের জোয়ারের সঙ্গে ভেসে আসা এবং জেলেদের ফেলে যাওয়া বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্যে পর্যটন কেন্দ্রগুলো দূষিত হয়ে পড়ে। এসব বর্জ্য অপসারণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় টোয়াসের সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি বলেন, তিন দিনের এ কর্মসূচির আওতায় পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, আন্ধারমানিক ও করমজল পর্যটন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। টোয়াসের ৬৫ জন সদস্য এতে অংশ নিয়েছেন।
তিনি জানান, প্রতিবছর মে ও সেপ্টেম্বর মাসে দুই দফা এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। করমজল বাদে সুন্দরবনের অন্যান্য পর্যটন কেন্দ্রে বছরে ৪৩ হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। তাই পর্যটন এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিযানের প্রথম দিন কটকা পর্যটন কেন্দ্র থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে।
এমআর/আরএন