ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ভাতিজাকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী ভাতিজা রিফাত হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং পরে হত্যার দায়ে চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। রিফাত তার মা ও দুই বোনের সঙ্গে দক্ষিণ রূপসীর একটি ভাড়া বাসায় থাকত। সে স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে মাসুম বিল্লাহ তার চাচা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে যোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় রিফাত। এ সময় মাসুম বিল্লাহ তাকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তবে রিফাতের মা মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করেন।

পরে মাসুম বিল্লাহ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের ভেতর লাশ ফেলে রাখেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার দিন রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে রিফাতের মা সুফিয়া আক্তার ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। ঘটনার পর মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে গিয়ে থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement