সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন (৫৮) হত্যা মামলায় প্রধান আসামি জহিরুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব । গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার এজাহারভুক্ত চার আসামিও রয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলতাব হোসেন এসবির মালিবাগ কার্যালয়ে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কারখানার সামনে গাড়ি পার্কিং ও সাইড নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক গ্যারেজ মালিককে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদ করেন এসআই আলতাব হোসেন ও তাঁর ছেলে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা তাঁদের ওপর হামলা চালায়। পরে তাঁরা কারখানার ভেতরে ঢুকে পড়লে সেখানে ঢুকেও তাঁদের মারধর করা হয়।
হামলায় গুরুতর আহত হন এসআই আলতাব ও তাঁর ছেলে। পরে আলতাব হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলেকেও চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে প্রধান আসামি জহিরুল ইসলামসহ আটজনকে সাভার ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এফএস