ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৬:৫৫ পিএম
X

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-১১-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। বুধবার দুপুরে এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তারা কারারক্ষীদের জিম্মি করেন। পরে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান বন্দীরা। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।

এসআরবি জানায়, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন। পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন তিনি। পরে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের চন্দনাইশ থানায় হত্যা মামলা নম্বর ৭(১১)/২০০৯ দায়ের করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের করা ওই মামলায় আবু মোকারম ছিলেন এক নম্বর আসামি। পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি-শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামের আবু তালেবের ছেলে।

গ্রেপ্তার আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝