স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) হল, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রয়োজনে বিজ্ঞপ্তি সংশোধনের অধিকারও সংরক্ষণ করেছে কমিশন।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী। এর মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।
এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় থাকবে ২০০টি প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে বরাদ্দ থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বর।
বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমেও প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
আরএন