২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন তারিখ কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার নতুন সূচি নির্ধারণের ক্ষেত্রে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) উত্তীর্ণ শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে এইচএসসি উত্তীর্ণ অন্যদের মতো ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, অধিদপ্তর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
এসএস