নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা চালিয়েছে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তবে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে তারা মহাসড়কে উঠতে পারেনি। সংঘাত এড়াতে পুলিশ ও বিজিবির পাশাপাশি নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা থানার কাথীর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকেই ফতুল্লার কাথীর এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকাল সাড় ১০টার দিকে পোশাক শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তারা মহাসড়কে উঠতে ব্যর্থ হন।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘাত এড়াতে এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতৃবৃন্দ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এসএ