বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করার এবং সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে ওসি সাইফুল আলম আহত হন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা মাসিক মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান তাঁরা।
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।
এফএস