দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন চারজন। এ নিয়ে বিভাগটিতে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে বিভাগটিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে সারাদেশে রোগটিতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
এসএস