ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৬:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর সফরকালে তিনি এ কাজের উদ্বোধন করবেন।

প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা এবং চীন দেবে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের দ্বিতীয় মোংলা সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণকাজ শুরু হচ্ছে।

তিনি জানান, ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনালের সঙ্গে ইয়ার্ড নির্মাণ করা হবে। এতে বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে ৪৯টি সরঞ্জাম যুক্ত করা হবে। এর মাধ্যমে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে। ফলে বছরে চার লাখ টিইইউএস (২০ ফুট সমমানের কনটেইনার) হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে চীনের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হবে, তার মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেলওয়ের সংযোগ স্থাপিত হবে।

তিনি বলেন, এর মাধ্যমে আইসিটি থেকে পণ্য মোংলা বন্দরে আনা হবে। পরে সেসব পণ্য বন্দরের জেটি দিয়ে জাহাজে পাঠানো হবে। রেলওয়ে সংযোগ চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফিরবে এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মোংলা সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ব্যবসায়ীদের মতে, কোনো সরকারপ্রধানের ১৫ দিনের ব্যবধানে একই বন্দর দুবার সফরের ঘটনা নজিরবিহীন।

মোংলা বন্দর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, জেটি নির্মাণের পাশাপাশি বন্দরসংশ্লিষ্ট এলাকায় আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়ন জরুরি। এর মধ্যে রয়েছে ফয়লা বিমানবন্দরের নির্মাণকাজ শুরু করা। বিমানবন্দরটির জন্য জমি অধিগ্রহণ করা হলেও তা ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মোংলা-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের স্থায়ী সমাধান এবং বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন। পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া দরকার।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বন্দরসংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হজরত খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে খুলনায় যাবেন তিনি। খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এসএম/এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝