ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত রায় দেবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে আদালত এ তারিখ ঘোষণা করেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টায় রায় ঘোষণা করা হবে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার কার্যক্রমে গাম্বিয়া ও মিয়ানমারের পাশাপাশি আরও ১১টি দেশ অংশ নিয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের আওতায় মামলাটি দায়ের করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে গণহত্যা সনদের অধীনে নিজেদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি দায়েরের উদ্যোগকে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছিলেন।

রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রহীন মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী। কয়েক দশক ধরে তারা বৈষম্য, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন শুরুর পর রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। কানাডাভিত্তিক অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক প্রতিবেদনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিনের এই সংকটের প্রেক্ষাপটে ১৯ নভেম্বরের রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই রায়ে গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা নিয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে। তবে রায় ঘোষণার আগে মামলার চূড়ান্ত ফল কী হবে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝