এক বছরের মধ্যে দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় দায়িত্ব নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পার্লামেন্টে শুনানিতে অংশ নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। একই সঙ্গে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রার্থী না হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৬৯ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার ছয় দিন পর তাঁর এ ঘোষণা এলো।
মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় অস্কার পুয়েন্তে বলেন, এক বছরের কম সময়ের মধ্যে এত বড় দুটি দুর্ঘটনার পর স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা সম্ভব নয়। দুর্ঘটনা দুটির ধরন ভিন্ন হলেও এবং এর জন্য তাঁর সরাসরি দায় থাকুক বা না থাকুক, তিনি পদে থাকতে চান না।
গত ২৮ অক্টোবর মধ্য স্পেনের উর্দা এলাকায় দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার পর নিয়ন্ত্রণকেন্দ্র থেকে একটি ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। পরে সেটি সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ৬৯ জন নিহত হন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ স্পেনের আদামুজ এলাকায় দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। একই রেলপথে দুটি প্রাণঘাতী দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সাম্প্রতিক দুর্ঘটনার পর বিরোধী রাজনৈতিক দলগুলো পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল। দেশটির পরিবহন শ্রমিক সংগঠনগুলোও রেল নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনার প্রতিবাদে পরিবহন মন্ত্রণালয়ের সদর দপ্তরের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে, পদত্যাগের ঘোষণার আগে অস্কার পুয়েন্তে রেল নিরাপত্তা জোরদারে কয়েকটি পদক্ষেপের কথা জানান। এর মধ্যে রয়েছে রেল চলাচলে নিরাপত্তাব্যবস্থা উন্নত করা, নিয়ন্ত্রণকেন্দ্রে অতিরিক্ত জনবল নিয়োগ এবং স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা অকার্যকর হলে ট্রেন চলাচলের সিদ্ধান্তে অতিরিক্ত কর্মকর্তার অনুমোদন নিশ্চিত করা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পুয়েন্তের পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সম্মান এবং রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই পরিবহনমন্ত্রী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে পরিবহনমন্ত্রীর পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এফএস