ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছিনতাইয়ের অভিযোগে কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
X

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপে ছিনতাইয়ের ঘটনার আট ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারীদের একজন ছিলেন ওই পিকআপের চালক নিজেই।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই মহাদেবপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার বাগানবাড়ি গ্রামের রবিন (২৫), রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের মুন্না (২৪) এবং ডিমজাউন গ্রামের সোহেল রানা (২৫)। রবিন উপজেলা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদক। মুন্না উপজেলা কৃষকদলের আরেক নেতা সিরাজুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরিসহ আরও দুটি মামলা রয়েছে। সোহেল রানা ওই পিকআপের চালক।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের আব্দুল বারি মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৪) মহাদেবপুর উপজেলা সদরে সরকারি খাদ্যগুদামের পাশে নাসির মাস্টারের একটি দোকানঘর ভাড়া নিয়ে ভাঙারির ব্যবসা করেন। মঙ্গলবার তাঁর দোকানের ব্যবস্থাপক ও চাচাতো ভাই মজনু মিয়া (৩৫) এবং পিকআপচালক সোহেল রানা বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন।

পথে চৌদ্দমাইল ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ছিনতাইকারী সেখানে গিয়ে চালক সোহেলকে হালকা মারধর করেন এবং মজনু মিয়াকে ব্যাপক মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মজনুকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও তদন্তে যুক্ত হয়। পরে মহাদেবপুর থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল রাতভর অভিযান চালায়। প্রযুক্তিগত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, প্রথমে মুন্নাকে তাঁর গ্রামের বাড়ি রামচন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিনকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাসা থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নিবন্ধনহীন মোটরসাইকেলটি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন পিকআপচালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহেল রানা ও মুন্না ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী। আর ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেন রবিন। তাঁরা তিনজন মিলে গত এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।

তিনি আরও বলেন, সড়কে ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো অপরাধ আইন অনুযায়ী কঠোর হাতে দমন করবে নওগাঁ জেলা পুলিশ।

এদিকে উপজেলা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন গ্রেপ্তারের বিষয়ে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝