নওগাঁয় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজফারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়নসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় শিক্ষার্থীরা তাঁদের অভিব্যক্তি তুলে ধরেন। শিবিরের এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘এই সংবর্ধনার মাধ্যমে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল কীভাবে করতে পারি, সে বিষয়ে উৎসাহ পেয়েছি। আমরা আমাদের জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো সচরাচর পেয়ে থাকি না, আজকের অনুষ্ঠানে সেগুলো পেয়েছি। শিবির এ ধরনের আয়োজন নিয়মিত করলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাবে।’
রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ বলেন, ‘অনেকেই শিবির সম্পর্কে অনেক কথা বলে। কিন্তু এ অনুষ্ঠানে আসার পর আমার ধারণা পাল্টে গেছে। শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আজকের এই অনুষ্ঠান থেকে তারা আমাদের যে দিকনির্দেশনাগুলো দিয়েছে, ভবিষ্যৎ জীবনে চলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। সেখানে ৬ শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আমরা তাদের আজ সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়েছি। শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ জীবন পরিকল্পনা নিয়ে শিবির সব সময় কাজ করে। তারই অংশ হিসেবে আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘যোগ্য মানুষ তৈরির কারিগর শিবির। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য তাদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিবির শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে।’
কেএইচ/আরএন