আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, কিংবা তিনি যোগ না দিলে অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত নয় ভারত সরকার।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকারকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। এর প্রভাব তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ওপরও পড়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের পরিবর্তে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কি না, সে বিষয়েও শুক্রবারের ব্রিফিংয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরএন