সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তারের পর আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।
পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নেওয়ার সময় স্থানীয় কয়েকজন নারী সেখানে হইচই শুরু করেন। একপর্যায়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে আসির মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় ঘটনাস্থলে হট্টগোল শুরু হলে মুহূর্তের মধ্যেই তিনি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যান।
স্থানীয়দের দাবি, আসির মিয়া হাতকড়া পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলী উল্লাহ বলেন, ‘হ্যান্ডকাফ নিয়ে আসামি পালিয়েছে। তা ঠিক নয়। আমার অফিসার নিয়মিত মামলার আসামিকে ধরার পর সেখানে নারীরা একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। আসামি হ্যান্ডকাফ নিয়ে পালায়নি।’
পুলিশ জানায়, আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। উপজেলার বিভিন্ন সড়ক ও সম্ভাব্য পালিয়ে যাওয়ার পথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
এফএস