ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে শান্ত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। 

বুধবার সকালে উপজেলার সোনাহাট ক্যাম্পের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, সকালে সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সের পূর্বঘোষণা অনুযায়ী ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। এ খবর পেয়ে বিপুলসংখ্যক কৃষক সেখানে জড়ো হন। কৃষকের সংখ্যা বেড়ে যাওয়ায় কয়েকজন পাশের সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স রাকিবুল ট্রেডার্সের বিক্রয়কেন্দ্রে গিয়ে সার কেনার জন্য চাপ দিতে থাকেন।

তবে রাকিবুল ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সেখানে সার বিতরণের নির্ধারিত কোনো নির্দেশনা ছিল না। এ কথা শুনে ক্ষুব্ধ কৃষকরা ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও ওসি আজিম উদ্দিনসহ পুলিশ, আনসার এবং সোনাহাট, কচাকাটা ও বায়ুরহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

পরে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর সংশ্লিষ্ট ডিলার পয়েন্টগুলোতে সার বিতরণ করা হয়।

মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা এবং এমওপি ৯০ বস্তা উত্তোলন করেছেন। তবে বুধবার তার সার বিতরণের কথা ছিল না। হঠাৎ কয়েকজন কৃষক বিক্ষুব্ধ আচরণ করলে প্রশাসনের সহযোগিতায় সার বিতরণের ব্যবস্থা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার বিতরণের নির্ধারিত দিন ছিল না। তবে কৃষকদের বিক্ষোভের কারণে প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলায় সারের কোনো সংকট নেই।

আনোয়ারুল হক/ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement