মুক্তির আগেই আলোচনার তুঙ্গে তেলুগু তারকা নানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’। ছবিটির দ্বিতীয় গান ‘য়েশানাগুলা’ প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। ২৯ আগস্ট প্রকাশের পর মাত্র চার দিনেই গানটি ৪ কোটি ৪০ লাখের বেশি ভিউ পেয়েছে। ইউটিউবের বৈশ্বিক সংগীত তালিকাতেও গানটি শীর্ষে উঠে এসেছে।
গানটির সাফল্যের পেছনে রয়েছে নানি ও অনিরুদ্ধ রবিচন্দরের চমকপ্রদ মঞ্চ উপস্থিতিও। যুক্তরাষ্ট্রের ডালাসে অনিরুদ্ধের কনসার্টে হঠাৎ মঞ্চে উঠে ‘য়েশানাগুলা’ গানে পারফর্ম করেন নানি। মুহূর্তেই সেই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তেলেঙ্গানার লোকগানের আবহে তৈরি গানটিতে বিশেষ উপস্থিতি রয়েছে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের।
‘য়েশানাগুলা’য় কণ্ঠ দিয়েছেন প্রভা ভাঙ্গারিগালা ও আদুলা জাংরেড্ডি। কথা লিখেছেন কাসারলা শ্যাম। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। পরিচালক শ্রীকান্ত ওডেলার ছোটবেলার পরিচিত তেলেঙ্গানার লোকগানের আবহ থেকেই গানটির ভাবনা এসেছে বলে জানা গেছে। লোকজ সুরের সঙ্গে নতুন কথার মিশেলে তৈরি হয়েছে গানটি।
‘দ্য প্যারাডাইস’ নানি ও শ্রীকান্ত ওডেলার দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৩ সালের ‘দাসারা’তে একসঙ্গে কাজ করে প্রশংসা পেয়েছিলেন তারা। সেই সিনেমায় নানির বিপরীতে ছিলেন কীর্তি সুরেশ। ‘দাসারা’র সাফল্যের পর তাদের নতুন এই ছবিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল।
তেলুগু সিনেমায় নানির পথচলাও বেশ বৈচিত্র্যময়। ‘ইগা’, ‘জার্সি’, ‘শ্যাম সিংহ রায়’, ‘হাই নান্না’, ‘দাসারা’, ‘সরিপোধা সানিভারাম’ ও ‘হিট: দ্য থার্ড কেস’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে ‘জার্সি’তে আবেগপ্রবণ ক্রিকেটারের চরিত্র এবং ‘দাসারা’য় রুক্ষ, তীব্র চরিত্রে অভিনয় তার অভিনয়-পরিসরকে আরও স্পষ্ট করে।
কীর্তি সুরেশের সঙ্গে নানির জুটিও দর্শকদের কাছে নতুন নয়। ‘নেনু লোকাল’ ও ‘দাসারা’র পর ‘দ্য প্যারাডাইস’-এর গানে তাদের পুনর্মিলন নতুন করে আগ্রহ তৈরি করেছে। ফলে গান প্রকাশের পর শুধু সুর নয়, নানি-কীর্তির পর্দার রসায়নও আলোচনায় এসেছে।
শ্রীকান্ত ওডেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’-এ নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াদু লোহার, মোহন বাবু, রাঘব জুয়াল ও সোনালী কুলকার্নি। ছবিটি অ্যাকশনধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। ‘দাসারা’র পর নানি-শ্রীকান্ত জুটির এই নতুন সিনেমা তাই মুক্তির আগেই তৈরি করেছে বড় প্রত্যাশা।
এফএস