চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহমেদ তৌহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের ছেলে এবং মাহিউদ্দিন (২১) একই এলাকার পাটোয়ারীবাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক তৌহিদ মারা যান এবং আরোহী মাহিউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত মাহিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। ঘটনার পর মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএফ