ঘন ঘন লোডশেডিংয়ে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও করেছেন টেক্সটাইল কারখানার শ্রমিকেরা। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করেন।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চলে তাদের কর্মসূচি। শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রমিকদের ভাষ্য, মাধবদী এলাকায় দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে টেক্সটাইল কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের কাজ ও আয়েও এর প্রভাব পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
আন্দোলনকারী শ্রমিক আমান উল্লাহ বলেন, বিদ্যুৎ না থাকায় কারখানায় কাপড় উৎপাদন করা যাচ্ছে না। ফলে সময়মতো বেতন পাওয়াও কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।
তিনি জানান, প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়ায় তাঁরা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান এবং মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির বলেন, লোডশেডিং জাতীয় পর্যায়ের সমস্যা। ইচ্ছা করে কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে মাধবদীর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
পুলিশ জানায়, আশ্বাসের পর শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
এফএস