বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় প্রায় ৩২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বড় একটি চালান আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায়, দর্শনা সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। ভোররাতে নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধির কারণে এক নারীকে আটক করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।
পরে ওই নারীর দেহ তল্লাশি করে ১৫ কেজি ৬০৭ গ্রাম ওজনের স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। বিএসএফের হিসাবে, ভারতে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা।
স্বর্ণ উদ্ধারের পর আটক নারীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করেন বিএসএফ কর্মকর্তারা। পরে তাঁকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোথা থেকে স্বর্ণের চালানটি আনা হয়েছিল, এর সঙ্গে আর কারা জড়িত এবং ভারতে কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের পর সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। তদন্তকারীদের ধারণা, এ ঘটনার মাধ্যমে সীমান্তে সক্রিয় একটি বড় চোরাচালানচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এফএস