ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থাইল্যান্ডের ভিসায় কড়াকড়ি, বাধ্যতামূলক হচ্ছে গুরুত্বপূর্ণ ২ নথি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডের ভিসা আবেদনে নতুন শর্ত যুক্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীর জন্য অতিরিক্ত দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। প্রয়োজনীয় নথি জমা না দিলে অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

গত বুধবার (২৬ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই নির্দেশনার কথা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসার জন্য আবেদনকারী বর্তমানে যে দেশে অবস্থান করছেন, ওই দেশে তার বৈধ ও সরকার-স্বীকৃত স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) দাখিল করতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি মূল ভাষায় থাকার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে। অর্থাৎ, প্রয়োজনীয় অনুবাদ ছাড়া শুধু মূল ভাষায় থাকা সনদ গ্রহণ করা হবে না।

বিশেষ করে দূরবর্তীভাবে কাজ করা পেশাজীবী, মুক্তপেশাজীবী (ফ্রিল্যান্সার) এবং দীর্ঘমেয়াদি অবস্থানকারীদের মধ্যে জনপ্রিয় ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ (DTV)-এর আবেদনকারীদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে।

থাই কর্তৃপক্ষের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো আবেদনকারীদের পরিচয়, বসবাসের বৈধতা, নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও শক্তিশালী করা। নতুন নথি সংযুক্ত করার মাধ্যমে ভিসা আবেদন যাচাইয়ে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে চায় দেশটি।

এদিকে পদ্ধতিগত ও প্রযুক্তিগত হালনাগাদের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই দিন নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তবে ৩১ আগস্ট থেকে ই-ভিসা পোর্টাল পুনরায় চালু হওয়ার পর নতুন নিয়ম কার্যকর হবে। তখন আবেদনকারীদের নির্ধারিত সব নথি জমা দিয়েই আবেদন সম্পন্ন করতে হবে।

দূতাবাস আবেদনকারীদের ই-ভিসা পোর্টালে থাকা প্রয়োজনীয় নথির তালিকা ভালোভাবে যাচাই করে আবেদন করার পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নতুন বিধান কার্যকর হওয়ার পর প্রয়োজনীয় অতিরিক্ত নথি ছাড়া কোনো আবেদন জমা পড়লে সেটি অসম্পূর্ণ হিসেবে সরাসরি বাতিল করা হবে এবং পরবর্তী বিবেচনার জন্য গ্রহণ করা হবে না।

সাম্প্রতিক সময়ে পর্যটন, ফ্রিল্যান্সিং, রিমোট জব ও দীর্ঘমেয়াদি অবস্থানের সুযোগ থাকায় ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বিদেশি পর্যটক ও পেশাজীবীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বাড়তি চাহিদার মধ্যেই আবেদনকারীদের পরিচয় ও নিরাপত্তা যাচাই আরও জোরদার করতে নতুন নথি জমার এই বিধান চালু করছে থাইল্যান্ড।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝