খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল পরিমাণ অলঙ্কারসহ মো. সাইদুল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট মোড়সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদুলের হেফাজত থেকে স্বর্ণখচিত ডায়মন্ডের লকেটসহ তিনটি স্বর্ণের চেইন, স্বর্ণখচিত ডায়মন্ডের ৪৫টি নাকফুল, ১২ জোড়া কানের দুল, আটটি লকেট, তিনটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৮, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-৬৮।
পুলিশের দাবি, উদ্ধার করা অলঙ্কারগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এসএস/আরএন