ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানান এবং উল্লেখ করেন যে, এসএমআর প্রযুক্তির সম্ভাবনাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আধুনিক পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআরের উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝