খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনের নিচতলার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডব্লিউএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডোকা)-এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দারিদ্র্য বিমোচনে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বিতরণকৃত সামগ্রী সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি সন্তানদের সুন্দর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, এসব সামগ্রীর সঠিক ব্যবহার উপকারভোগীদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
অনুষ্ঠানে খুলনা মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) মোট ১৪১ জন উপকারভোগীর মাঝে সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ৩৪ জনকে কম্পিউটার সেট, ৪৩ জনকে সেলাই মেশিন এবং ৬৪ জনকে ফুড কার্ট দেওয়া হয়।
কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবীর উল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মো. রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, ঢাকার ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়ূম প্রধান এবং প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আব্দুল্লাহ আল মাসুম।
এছাড়া সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের পক্ষে সালহা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসএস/আরএন