
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আগামী রোববার এ কর্মসূচি পালন করবে জোটটি।
বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকটসহ যে দুর্ভোগ চলছে, সরকারের ব্যর্থতা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে পার্লামেন্টে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন না করা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে গুমের শিকার পরিবারগুলো এখনো জানে না, তাদের পরিবারের যেসব সদস্য গুম হয়েছেন, তাঁরা এখন কোথায়।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম ও খুনের শিকার হয়েছেন। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এসব বিষয়কে সামনে রেখে আগামী ৩০ তারিখে (রোববার) বিকেল তিনটায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
টিআইএস