ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার ভালো কিছু দেখাতে পারেনি: ফয়জুল করীম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। গত কয়েক মাসে সরকার ভালো কিছু দেখাতে পারেনি। এ সময়ে নারী ধর্ষণ, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হাতে নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি জাহিদ হাসান বুলবুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করেন এবং জাহিদ হাসান বুলবুলের কবর জিয়ারত করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘বিএনপি সরকারকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন। এই কয় মাস রাষ্ট্র পরিচালনায় আপনি ভালো কিছু দেখাতে পারেননি। আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এই কয় মাসের আমলে বহু নারী ধর্ষিত হয়েছে। এই কয় মাসে গ্যাসের দাম বারবার বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ব্যবহার করেছেন এত ইউনিট, বিল দিয়েছে তার চেয়ে অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের এই কয় মাসের সময়ে তেলের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। আপনার এই কয়দিনের শাসনব্যবস্থায় জীবনযাত্রার মান ক্ষুণ্ন হয়েছে। যদি খুনিদের বিচার হতো, তাহলে একশ ভাগের একভাগও খুন হতো না। খুনিদের বিচার না হওয়ার কারণেই খুন হয়। অপরাধীর বিচার না হওয়ার কারণে অপরাধ বাড়তে থাকে। দুর্নীতিবাজদের বিচার না করার কারণে গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।’

বুলবুল হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশাসনের ব্যর্থতার কারণে বুলবুল হত্যা হয়েছে। আমি বাংলাদেশের সরকারের প্রশাসনকে অনুরোধ করব, আর যেন কোনো বাচ্চা এতিম না হয়; আমার কোনো বোন যেন বিধবা না হয়। বুলবুল হত্যার বিচার বাংলাদেশের বুকে হবেই হবে। আর যদি বুলবুল হত্যার বিচার সরকার করতে ব্যর্থ হয়, তাহলে সরকার কীভাবে গদিতে থাকবে, বাংলাদেশের জনগণ তা দেখবে।’

এ সময় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ধন্যবাদ জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘বন্দর থানার ওসি সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করব, তিনি যদি অল্প সময়ের মধ্যেই চার্জশিট প্রদান করেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আতিকুর রহমান নান্নু মুন্সী, মহানগর সভাপতি দীন ইসলাম ও সিনিয়র সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় একটি মামলা তুলে না নেওয়ার জের ধরে চিহ্নিত সন্ত্রাসী সিফাত বাহিনীর প্রধান সিফাতের নেতৃত্বে জাহিদ হাসান বুলবুল নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। একই সঙ্গে তিনি সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝