মেকাই টেস্টে বল হাতে ইতিহাস গড়লেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকারের বিরল কীর্তি গড়েছেন তিনি। এই বাঁহাতি পেসারের অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ২১০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ ১৪৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে।
গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফেরান ২৫ বছর বয়সী শরিফুল। এই উইকেটের মাধ্যমেই টেস্ট ইনিংসে নিজের সপ্তম উইকেটের দেখা পান এই বাঁহাতি পেসার। ধারাভাষ্যকক্ষ থেকে যে বলটির প্রশংসা করে বলা হয়, এটি যেন ‘নব্বইয়ের দশকে ওয়াসিম আকরামের মতো ডেলিভারি।’
এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন রাজীব, যা এতদিন ছিল টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ১৫ ওভারে ৪৮ রান খরচায় ৭ উইকেট শিকার করে দীর্ঘ ১৮ বছর পর সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন শরিফুল। একই সঙ্গে অ্যাওয়ে টেস্টে (দেশের বাইরে) এটিই এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার। দুই মাস আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রান দিয়ে ৭ উইকেট পেয়েছিলেন তাইজুল ইসলাম।
এর আগে প্রথম দিন থেকেই দারুণ ছন্দে ছিলেন শরিফুল। অস্ট্রেলিয়ার ১৬৫ রানে ৮ উইকেট পড়ার দিনে তিনি একাই শিকার করেছিলেন ৬ উইকেট। আজ তিনি অজিদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা গ্রিনকে ফেরানোর পর তাইজুল ইসলাম ইনিংস থামান জশ হ্যাজেলউডকে (৬) সাদমান ইসলামের ক্যাচে। তাতে ৫২.৩ ওভারে ২১০ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
এসএ