ক্রিকেট মাঠে আলোচনায় থাকা ভারতের এক তরুণ তারকা এবার শিরোনামে এলেন একেবারে ভিন্ন কারণে! দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেফতার করেছে পুলিশ। এক মেডিকেল ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এরপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন। তবে এগুলো এখনো অভিযোগ, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।
গত জুনে ভুক্তভোগী হিসেবে দাবি করা ওই মেডিকেল ছাত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং জানিয়েছেন, দম দম থানার আওতাধীন এমামি সিটি এলাকা থেকে পোরেলকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর তাকে মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
অভিষেক পোরেল ভারতীয় ক্রিকেটে পরিচিত একটি নাম। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেছেন।
টিআইএস