পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে। ব্রিকস একটি বহুপাক্ষিক সংস্থা, যেখানে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণে আগ্রহী। তবে প্রধানমন্ত্রী সেখানে অংশ নেবেন কি না, তা নির্ভর করবে তাঁর ব্যস্ততা, সময়সূচি ও সিদ্ধান্তের ওপর।
তিনি আরও বলেন, সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীকেই নিতে হবে, কারণ তাঁর সময়সূচির ওপর নির্ভর করবে তিনি যেতে পারবেন কি না।
ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের একটি আমন্ত্রণও রয়েছে। দুটি আমন্ত্রণ এখনো বহাল আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দাওয়াত তো আছে।
আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরএন