ফেনীতে এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে প্রকাশ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মোজাম্মেল হোসেন ওরফে হোসাইন (২০) নামের ওই যুবককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মামলায় নাম থাকা অন্য দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে রাতে ফেনী শহরতলীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
অন্য দুই আসামি হলেন পশ্চিম সিলোনিয়া এলাকার সালমান (২০) এবং যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজ (১৯)।
জানা গেছে, গ্রেফতার মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার মনির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরের পর ফেনী সদরের গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী এক শিশু। পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি করে, তাকে উত্ত্যক্ত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় অন্য এক যুবক পুরো ঘটনার ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করা হয়। ৩০ জুলাই ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজর এড়ায়নি আইনশৃঙ্খলা বাহিনীরও। বৃহস্পতিবার রাতে ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে আটক করে পুলিশ। পরে একই রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় মোজাম্মেলকে গ্রেফতার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এটিভি/আরএন