যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ‘আমনি এয়ার’-এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
সূত্রের তথ্যমতে, বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থতা এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়।
ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
আরএন