ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আদালতের নির্দেশ অমান্য, ইউএনওকে শোকজ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম
X

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলায় আদালতের রায় বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে মিন্টু কুমার মণ্ডলের কাছ থেকে জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করলেও তিনি জমির দখল বুঝিয়ে দেননি।

মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে ০.০২২৫ একর নালিশি জমির দখল বাদীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

আদালতের আদেশের অনুলিপি ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও দেড় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় বাদী বুলবুলি চৌধুরী আদালতে অভিযোগ করেন, বারবার অনুরোধ করার পরও তিনি জমির দখল বুঝে পাননি।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও ইউএনও তা করেননি, যা আদালত অবমাননার শামিল। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, “আদালতের চিঠি পেয়েছি। জবাব প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে তা দাখিল করা হবে।”

কেকেএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝