নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতার বিকাশ ঘটানোর লক্ষ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘সততা স্টোর’।
মঙ্গলবার (২৮ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও লেবুতলা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়। এ ছাড়া কয়েকটি বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, সদস্য মোসাদ্দেকুর রহমান খান, লেবুতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি মো. নাজমুল হুসাইন বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এইচআর/আরএন