ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুঁজিবাজার উন্নয়ন ও বন্ড ইস্যু সংক্রান্ত কমিটি গঠন করছে সরকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বন্ড ও ইক্যুইটি বাজার সম্প্রসারণ এবং নতুন আর্থিক উপকরণ চালুর লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১ জন করে এবং বাংলাদেশ ব্যাংকের ২ জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে।

অর্থ বিভাগের সরকারি ঋণ নীতি ও কৌশলগত ব্যবস্থাপনা অধিশাখার যুগ্মসচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বাংলাদেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন, সম্প্রসারণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সুপারিশ জানাবে।

পাশাপাশি সিকিউরিটিজ, সুকুক, গ্রিন বন্ড, অন্যান্য বন্ড ও ঋণপত্র (ডেট সিকিউরিটিজ) ইস্যুর সম্ভাবনা, ঝুঁকি, ব্যয় এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মতামত প্রদান করবে।

এ ছাড়া ইক্যুইটি বাজারের গভীরতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের বিকল্প উৎস সম্প্রসারণ এবং বন্ড ইস্যুর ক্ষেত্রে ইস্যুর পরিমাণ, মেয়াদ, সুদের কাঠামো ও বাজার নির্বাচনসহ বিভিন্ন আর্থিক ও কারিগরি বিষয় পর্যালোচনা করবে কমিটি।

বন্ড ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট অফারিং সার্কুলার, ইনফরমেশন মেমোরেন্ডাম, ডিউ ডিলিজেন্স, ক্রেডিট রেটিং, রোডশো ও বিনিয়োগকারী সম্পৃক্ততার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে তারা।

কমিটি বন্ড ইস্যুর জন্য বুকরানার, লিড ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর, লিগ্যাল অ্যাডভাইজর, রেটিং এজেন্সি, পেইং এজেন্ট, রেজিস্ট্রার ও ট্রাস্টি নিয়োগের বিষয়ে সুপারিশ করতে পারবে। একই সঙ্গে বন্ড ইস্যুর পরবর্তী সেটেলমেন্ট, তালিকাভুক্তি, কুপন পরিশোধ, মূলধন পরিশোধ এবং বিনিয়োগকারী সম্পর্ক ব্যবস্থাপনাও তদারকি করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশের ঋণবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, পেনশন ফান্ড, বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড, প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সুপারিশ করবে কমিটি। পাশাপাশি উদ্ভাবনী আর্থিক উপকরণ চালু এবং প্রয়োজনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণের সুযোগও থাকবে।

কমিটি প্রয়োজনে কারিগরি বা উপ-কমিটি গঠন করতে পারবে এবং তাদের কার্যপরিধিও নির্ধারণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝