⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম

X
সুনামগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসি-এর একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক ও সীমান্ত ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। এ সময় আরও উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীমসহ বর্ডার গার্ড বাংলাদেশ এবং সীমান্ত ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৮ বিজিবি ব্যাটালিয়নে নতুন এই এটিএম বুথ স্থাপনের ফলে স্থানীয় অধিবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের জন্য প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হলো। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, সহজ ও নিরাপদে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
সীমান্ত ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে দেশের বিভিন্ন প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকায় পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নে এই এটিএম বুথ চালু করা হলো।