সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রে বন বিভাগের কার্যালয়ের সামনে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি বাঘকে। শুক্রবার দুপুরে বাঘটির বিচরণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন বনকর্মীরা।
বন কর্মকর্তারা ধারণা করছেন, এটি একটি পূর্ণবয়স্ক বাঘিনি। শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম পাড় থেকে এসে বাঘটি কিছুক্ষণ আন্ধারমানিক বনকেন্দ্রের সামনে অবস্থান করে। পরে চারপাশ দেখে উত্তর দিকের জঙ্গলে চলে যায়।
এর আগে গত ১৩ জুলাই আন্ধারমানিক এলাকায় চিকিৎসা শেষে একটি উদ্ধার করা বাঘিনিকে অবমুক্ত করেছিল বন বিভাগ। তবে শুক্রবার দেখা পাওয়া বাঘিনিটি সেই বাঘিনি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অবমুক্ত বাঘিনির চলাচল পর্যবেক্ষণে প্রায় আট কিলোমিটার এলাকায় ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় এরই মধ্যে আরও তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। পাশাপাশি চিত্রা হরিণ, মায়া হরিণ, মেছো বাঘ, বনমোরগ ও বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর ছবিও ধরা পড়েছে।
বন কর্মকর্তারা বলছেন, সুন্দরবনে সাম্প্রতিক সময়ে বাঘের বিচরণ আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বাড়ছে হরিণের সংখ্যাও। নিয়মিত টহলে বাঘের পায়ের ছাপও মিলছে বলে জানিয়েছেন তারা।
-টিএস