আর্থিক সংকটে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়—এই লক্ষ্য থেকে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন মেধাবী এই শিক্ষার্থী।
বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি নীরবের খোঁজখবর নেন এবং তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।
এ সময় ভবিষ্যতে নীরবের পড়াশোনার যাবতীয় খরচ বহনেরও আশ্বাস দেন তিনি।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথকে আরও সহজ করেছে। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান।
স্থানীয়রা জানান, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণার সৃষ্টি করবে।