ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাড়ির ধাক্কায় লাউয়াছড়ায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দ্রুতগতির গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মুখপোড়া হনুমান (Capped Leaf Monkey) মারা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কারও নজরে আসেনি।

সন্ধ্যা ৬টার দিকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা মোটরসাইকেলে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে হনুমানটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান।

খবর পেয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত হনুমানটি উদ্ধার করে জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রাণীটির মৃত্যুর কারণ নিরূপণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা বলেন, “শ্রীমঙ্গলে যাওয়ার পথে রাস্তার পাশে হনুমানটিকে পড়ে থাকতে দেখি। পরে বিষয়টি বন বিভাগকে জানাই। বনাঞ্চলের এই সড়কে দ্রুতগতিতে যান চলাচল বন্যপ্রাণীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

স্থানীয় বন্যপ্রাণীপ্রেমীদের অভিযোগ, লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে যানবাহনের গতিসীমা কার্যকরভাবে নিয়ন্ত্রণ না করায় প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা বনাঞ্চলের গুরুত্বপূর্ণ অংশে স্পিড ব্রেকার স্থাপন, গতিসীমা কঠোরভাবে বাস্তবায়ন, সতর্কতামূলক সাইনবোর্ড বৃদ্ধি এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর বনকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে প্রাণীটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। বনাঞ্চলের মধ্য দিয়ে চলাচলের সময় চালকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মুখপোড়া হনুমান (Capped Leaf Monkey) বিশ্বব্যাপী বিপন্ন একটি প্রজাতি। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) বাংলাদেশ রেড লিস্টে প্রাণীটি বিপন্ন হিসেবে তালিকাভুক্ত। দেশের সীমিত কয়েকটি চিরসবুজ বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান এদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝