চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গুলিগুলো ব্যবহৃত বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টি ছোট আকারের গুলি রয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এসব গুলি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। বস্তাটির ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে তারা সেটি খুলে বিপুল পরিমাণ গুলি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।
তিনি বলেন, এসব গুলি কোথা থেকে এসেছে এবং কারা নালায় রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া বড় আকারের গুলিগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গুলিগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর