বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, ‘তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আমি তার মঙ্গল কামনা করছি।’
স্পিকার জানান, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তিনি হাতে পান এবং স্পিকার হিসেবে তা গ্রহণ করেন। এর ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
হাফিজ উদ্দিন আহমদ আরও জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন মহলে। শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন মো. সাহাবুদ্দিন।
-টিএম