রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংসদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির বিষয়েই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এর আগে থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি অবগত নন। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী সাংবিধানিক ও সংসদীয় প্রক্রিয়া কী হবে, তা ব্যাখ্যা করেন তিনি।
স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন বা না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি। আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল-এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।’
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে।
রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় সংসদ তিন মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্পিকারের দেশে ফেরায় সেই আলোচনা আরও জোরালো হয়।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে।
-টিএস