ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির, শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা: রয়টার্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৪ এএম
X

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর সামনে এলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দমনের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্স জানায়, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলে রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর পদটি নতুন করে গুরুত্ব পায়।

তিনটি সূত্রের মধ্যে দুটি জানিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। একটি সূত্রের দাবি, গত মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীকে নিজের সিদ্ধান্তের কথা জানান এবং শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

রয়টার্স জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররাও রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে।

এর আগে চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি এবং তাঁর দলের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের দিকে নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝