চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস–সংলগ্ন এলাকা দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করতে বাধ্য করা হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এতে অবৈধ পুশ-ইনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।