শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেন তিনি। দীর্ঘ বিরতির পর বর্তমানে নায়িকা হিসেবে বড়পর্দায় নিয়মিত কাজ করছেন দীঘি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, অভিনেত্রী পূজা চেরি সম্পর্কে রয়েছেন এবং সময়ের সঙ্গে বিয়ের দিকে এগোচ্ছেন—আপনার বিয়ে নিয়ে পরিকল্পনা কী?
জবাবে দীঘি বলেন, “আমি হচ্ছি ‘ব্রাইডসমেডস’ (কনের সহচরী বা কনের অবিবাহিত ঘনিষ্ঠ বান্ধবী)। আমি আপাতত ‘ব্রাইডস’ (কনে) হওয়ার ইচ্ছে রাখছি না।”
বিয়ের সম্ভাব্য সময় নিয়ে প্রশ্ন করা হলে দীঘি জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই। তিনি বলেন, “দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।”
ভবিষ্যৎ জীবনসঙ্গীর মধ্যে কী ধরনের গুণ দেখতে চান—এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে দীঘি বলেন, “চাকরিজীবী হতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। তার গাটস থাকতে হবে। ভুল করলে যেন নির্দ্বিধায় বলতে পারে—‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’”
বিয়ে নিয়ে এখনো প্রস্তুত না থাকলেও নিজের প্রেমজীবন নিয়েও কথা বলেন দীঘি। এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।”
এর কারণ হিসেবে দীঘি জানান, ছোটবেলা থেকেই তিনি পরিবারের কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে বড় হয়েছেন। স্কুলজীবন থেকেই তার চলাফেরায় বিভিন্ন বিধিনিষেধ ছিল। এমনকি এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।
দীঘির ভাষায়, “দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর—কোনোটিই তৈরি হয়নি।”
যদিও দীঘি প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন, তবে অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি নিয়েও নানা আলোচনা হয়।
তবে ওই সময় দীঘি স্পষ্ট জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেছিলেন তিনি।