ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন পরিচয়ে আসছেন জেফার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একক গান নয়, এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী জেফার রহমান। এই ঘোষণার পাশাপাশি সময়ের আলোচিত এই তারকা জানিয়েছেন, নতুন অ্যালবামটি শুধু কণ্ঠশিল্পী নয়, সুরকার জেফারেরও একটি নিরীক্ষাধর্মী আয়োজন হতে চলেছে। তার কথায়, বহুদিন ধরে চলছে তার গান লেখা ও সুর করা।

আর সেই কাজে তিনি বরাবরই চেষ্টা করেছেন, কাজের মধ্য দিয়ে নতুন কিছু আনার; যা সময়কে ছাপিয়ে যাবে। সংগীত নিয়ে যত ধরনের এক্সপেরিমেন্ট চালানো যায়, তা করার চেষ্টা করেন। নতুন অ্যালবামেও সেই চিন্তাধারার ছাপ খুঁজে পাওয়া যাবে। তবে নিজ সুরে একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেও সেই অ্যালবামের নাম ও গানের সংখ্যা, সংগীতের ধরন– এসব বিষয়ে মুখ খোলেনি জেফার। শুধু আশ্বাস দিয়েছেন, অ্যালবামের বাকি তথ্য খুব শিগগিরই সবাইকে জানিয়ে দেবেন।

এদিকে সাম্প্রতিক সময়ে জেফারকে একক গান ও অ্যালবাম প্রকাশনার চেয়ে প্লেব্যাকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। তার প্লেব্যাকের বেশকিছু গান শ্রোতাদের মাঝে আলোড়নও তুলেছে। কণ্ঠশিল্পী হিসেবে প্রতিটি মাধ্যমে যেমন গান করে যাচ্ছেন, তেমনি অভিনেত্রী ও মডেল হিসেবেও দর্শক নজর কেড়েছেন। কিন্তু এর বাইরে তিনি যে একজন সুরকার ও গীতিকবি– সেই পরিচয় কিছুটা আড়ালে রয়ে গেছে।

নতুন অ্যালবামের মাধ্যমে সেই পরিচয় আরও জোরালোভাবে সবার কাছে উঠে আসবে বলে আশা করছেন এ সময়ের আলোচিত এই তারকা।

একটু পেছন ফিরে তাকালে দেখা যায়, একসময় জেফার ছিলেন অগণিত শ্রোতার প্রিয় কণ্ঠশিল্পী। সুরকার হিসেবেও কিছু মানুষের সুনাম কুড়িয়েছেন। সময়ের পালাবদলে জেফার এখন অগণিত দর্শক মনে জায়গা করে নিয়েছেন প্রিয় অভিনেত্রী হিসেবেও। পরিণত শিল্পী হয়ে উঠার তৃষ্ণা যে তার আছে, এর প্রমাণ মেলে পর্দায় চরিত্রের উপস্থাপনা দেখে। এখন যেমন কান পাতলে শোনা যাচ্ছে তার সুবাহ চরিত্রটির কথা। যেটি জেফার তুলে ধরেছেন শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ নামে ওয়েব সিনেমায়।

‘তুমি আমি শুধু’র আগেও জেফার দর্শক নজর কেড়েছেন ওয়েব সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ও সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এ অভিনয় করে। শুধু অভিনয় নয়, এই দুই সিনেমা ও সিরিজের দর্শক-শ্রোতার হৃদয় জয় করেছেন প্লেব্যাক শিল্পী হিসেবেও। তার গাওয়া ফোক ফিউশন ‘সুন্দরী কমলা’ এবং ভিন্ন আঙ্গিকের গান ‘বৈয়াম পাখি ২.০’ অনুরাগীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। একইভাবে ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমাতেও জেফারকে অভিনেত্রীর পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবেও পাওয়া গেছে।

সিনেমায় তার গাওয়া ‘তোর ছায়া’ গানটিও দারুণ সাড়া ফেলেছে সংগীতপ্রেমীদের মাঝে। অভিনব আয়োজন আর ভিন্ন ধাঁচের পরিবেশনা দিয়ে বাংলা গানের শ্রোতা হৃদয় জয় করতেও সময় লাগেনি তার। কারণ একটাই, গানের পসরা তিনি সাজিয়ে চলেছেন মেলো-রোমান্টিক থেকে শুরু করে পপ-রক, টেকনো, ফোক ফিউশনসহ নানা ধরনের গানে। যার সুবাদে জেফারকে দর্শক-শ্রোতা প্রতিবারই নতুনভাবে আবিষ্কারের সুযোগ পেয়েছেন। 

‘ঝুমকা’, ‘তীর’, ‘আড়ালে হারালে’ থেকে শুরু করে ‘তাণ্ডব’ সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে গাওয়া ‘লিচুর বাগানে’, ‘দাগি’র ‘নিয়ে যাবে কি’, ‘ইনসাফ’র ‘ধামাকা’, ‘ন ডরাই’র ‘হারবো না’সহ অন্যান্য গানগুলো এখনও অনুরণন তুলে যাচ্ছে শ্রোতামনে। গানে গানে যেমন সংগীতপ্রেমীদের মনে ছাপ ফেলেছেন, তেমনি সেরা শিল্পী হিসেবে পুরস্কৃত হওয়ার মধ্য দিয়ে পেয়েছেন কাজের স্বীকৃতি।

যে কারণে দিনের পর দিন জেফারের কাছে দর্শক-শ্রোতার কাছে প্রত্যাশাও বেড়ে চলেছে। আর সেই প্রত্যাশা পূরণে এতটুকু কার্পণ্য করবেন না বলেই জানিয়েছেন নন্দিত এই কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তাই নতুন অ্যালবামের ঘোষণা আসার পর থেকে এর গানগুলো নিয়ে জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝