স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিচারিক আদালতে মাকে নিয়ে হাজিরা দিয়েছেন অভিনেতা যাহের আলভী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে বৃহস্পতিবার আলভী ও তার মা নাসরিন সুলতানা হাজিরা দেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেননি। আদালত আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করেছে বলে প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, ‘যাহের আলভীর মায়ের জামিন স্থায়ী করার আবেদন করা হয়। তবে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বর্ধিত করেছেন।’ হাজিরা শেষে আদালত থেকে মাকে নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যাহের আলভী বলেন,‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
গেল ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী।আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন আলভী।
এফএস