আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে পেরুর আন্দিজ পর্বতমালার একটি নতুন উদ্ভিদ প্রজাতির নামকরণ করা হয়েছে।
‘সালভিয়া মেসি’ (Salvia messii) নামের গুল্মজাতীয় উদ্ভিদটির বৈজ্ঞানিক বিবরণ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী Phytotaxa-তে।
ফুটবল মাঠে নিজের জাদুতে কোটি মানুষের মন জয় করেছেন লিওনেল মেসি। এবার তাঁর নাম যুক্ত হলো উদ্ভিদবিজ্ঞানের জগতেও। পেরুর আন্দিজ পর্বতমালায় পাওয়া একটি উদ্ভিদকে নতুন প্রজাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে নামকরণ করেছেন গবেষকেরা।
প্রায় দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে এই গুল্মজাতীয় উদ্ভিদ। এর ফুলের সাদা ও হালকা নীল রং আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং দেশটির ফুটবল দলের জার্সির রঙের কথা মনে করিয়ে দেয়।
উদ্ভিদটির সন্ধান পান আর্জেন্টিনার কৃষিবিদ রোলান্দো উরিয়া। নাগরিক বিজ্ঞানবিষয়ক একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত কিছু ছবিতে উদ্ভিদটির অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখে তাঁর সন্দেহ হয়। ছবিগুলো পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মেলাতে না পেরে তিনি পেরুর লিমার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকদের সঙ্গে যোগাযোগ করেন।
পরে পেরুর উদ্ভিদবিজ্ঞানী পাউল গনসালেস আরসে ও জ্যাঁ কাপচা রামোসকে নিয়ে গবেষণা শুরু করেন উরিয়া। তাঁরা পুরোনো নমুনা ও নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি আন্দিজ পর্বতমালার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালান। গবেষণার ফলাফল আন্তর্জাতিক উদ্ভিদবিষয়ক সাময়িকী Phytotaxa-তে প্রকাশিত হয়।
উদ্ভিদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় নির্দিষ্ট কিছু পাহাড়ি এলাকায় জন্মে। এর সীমিত বিস্তৃতি এবং আবাসস্থলের ওপর বনাঞ্চলে আগুন ও জলবায়ু পরিবর্তনের হুমকি বিবেচনায় গবেষকেরা প্রজাতিটিকে বিপন্ন হিসেবে মূল্যায়ন করেছেন।
‘সালভিয়া মেসি’ নামের বৈজ্ঞানিক বানানে ‘messii’ অংশটি মেসির প্রতি সম্মান জানিয়ে ব্যবহার করা হয়েছে। কোনো ব্যক্তির সম্মানে প্রজাতির নামকরণের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়।
মেসির নামে এর আগেও বিভিন্ন জীবের বৈজ্ঞানিক নামকরণ হয়েছে। এর মধ্যে রয়েছে ‘Cercopemyces messii’ নামের ছত্রাক, ‘Acanthogonatus messii’ নামের মাকড়সা এবং ‘Liolaemus messii’ নামের গিরগিটি। এ ধরনের নামকরণ জীববৈচিত্র্য ও জনপ্রিয় ব্যক্তিত্বের মধ্যে এক অনন্য যোগসূত্র তৈরি করেছে।
এসএস