দুর্গাপূজার ছুটিতে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশি-বিদেশি চারটি নতুন সিনেমা। শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে দেশীয় তিন সিনেমা ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’।
এর পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে হলিউডের অ্যাকশন সিনেমা ‘স্ট্রিট ফাইটার’।
স্নেহের বন্ধন: পারিবারিক গল্প নিয়ে নির্মাতা কামরুজ্জামান নির্মাণ করেছেন ‘স্নেহের বন্ধন’।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খান প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন মো. শাহ আলম।
চিরকুট: নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। সিনেমাটির প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এতে উঠে আসবে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম ও জীবনের নানা গল্প।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ অনেকে।
কাট-পিস: পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘কাট-পিস’। ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই সিনেমাটির গল্পের মূল ভিত্তি। এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ অনেকে। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম।
স্ট্রিট ফাইটার: জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা ‘স্ট্রিট ফাইটার’। এটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও ও ক্যালিনা লিয়াংসহ অনেকে। এ ছাড়া এতে রয়েছেন বিদ্যুৎ জামওয়াল।
এসএ